কৃষ্ণকলি আমি তারেই বলি,
কালো তারে বলে গাঁয়ের লোক।
মেঘলাদিনে দেখেছিলেম মাঠে
কালো মেয়ের কালো হরিণ-চোখ।
ঘোমটা মাথায় ছিলনা তার মোটে,
মুক্তবেণী পিঠের 'পরে লোটে।
কালো? তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ-চোখ।
ঘন মেঘে আঁধার হল দেখে
ডাকতেছিল শ্যামল দুটি গাই,
শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে
কুটির হতে ত্রস্ত এল তাই।
আকাশ-পানে হানি যুগল ভুরু
শুনলে বারেক মেঘের গুরুগুরু।
কালো? তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ-চোখ।
পূবে বাতাস এল হঠাত্ ধেয়ে,
ধানের ক্ষেতে খেলিয়ে গেল ঢেউ।
আলের ধারে দাঁড়িয়েছিলেম একা,
মাঠের মাঝে আর ছিল না কেউ।
আমার পানে দেখলে কিনা চেয়ে,
আমি জানি আর জানে সেই মেয়ে।
কালো? তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ-চোখ।
এমনি করে কাজল কালো মেঘ
জ্যৈষ্ঠমাসে আসে ঈশান কোণে।
এমনি করে কালো কোমল ছায়া
আষাঢ়মাসে নামে তমাল-বনে।
এমনি করে শ্রাবণ-রজনীতে
হঠাত্ খুশি ঘনিয়ে আসে চিতে।
কালো? তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ-চোখ।
কৃষ্ণকলি আমি তারেই বলি,
আর যা বলে বলুক অন্য লোক।
দেখেছিলেম ময়নাপাড়ার মাঠে
কালো মেয়ের কালো হরিণ-চোখ।
মাথার পরে দেয়নি তুলে বাস,
লজ্জা পাবার পায়নি অবকাশ।
কালো? তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ-চোখ।
কৃষ্ণকলি কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর | রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা কবিতা
Posted 2025-07-10 11:21:49
0
671
কৃষ্ণকলি- রবীন্দ্রনাথ ঠাকুর
Site içinde arama yapın
Kategoriler
- News
- EĞİTİM BİLGİLERİ
- Homework
- Entertainment
- Nature
- Tips and tricks
- Science and Technology
- Foodstuff
- Health & Beauty
- Other
Read More
স্বাস্থ্যই সকল সুখের মূল - ভাবসম্প্রসারণ
স্বাস্থ্যই সকল সুখের মূল
মূলভাব : শরীর ভল না থাকলে মন ভাল থাকে না এবং মন ভাল না থাকলে প্রকৃত...
বিশ্বায়ন ও বাংলাদেশ - বাংলা প্রবন্ধ রচনা
ভূমিকা : বিশ্বায়ন আধুনিক বিশ্বের একটি প্রক্রিয়া যা রাষ্ট্র ও সম্প্রদায়ের পুরোনো কাঠামো...
ছাত্রজীবনে ত্যাগ ও সততার অনুশীলন বাংলা প্রবন্ধ রচনা
আমাদের বিচিত্র এ বিশ্বে শিক্ষার অন্ত নেই- সারা জীবন লিখলেও লেখা শেষ হয় না। তবু প্রচলিত অর্থে...
এভারেস্ট জয়ে বাংলাদেশ - বাংলা প্রবন্ধ রচনা
ভূমিকা : অজানাকে জানা আর অচেনাকে চেনার আগ্রহ মানুষের জন্ম থেকেই। এই অদম্য আগ্রহ মানুষকে নিয়ে...
How to care for marigolds to get more flowers
Bright marigolds are now adorning nurseries, office-courts or home balconies. The marigold...